Powered By Blogger

শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০১৪

সমর্পণ,প্রতিবাদ

ফেটে পড়া অরণ্য,কলজে---গাঢ় সবুজের যৌন অন্ধকারে
ঝর্ণার গলায় হেসে উঠেছিলে
রক্তস্রোত ছুঁয়েছিল গোড়ালি,পায়ের পাতা
প্রথম,দ্বিতীয় সব মিলে মিশে একাকার মিলণের প্রখর নখরাঘাতে
পিঠ জ্বলে উঠেছিল রক্তজবার জ্বলন্ত ক্ষতে

আমাদের সব সমর্পণ,সব প্রতিবাদ
একরোখা নদী থেকে দুঃখস্নানে দুঃখস্নানে ভেসে যেতে যেতে
উঁকি দেয় জলের তলার থেকে
আর আমরা রাত্রির স্তবে মেতে উঠি

আমাদের হাত ভরে উঠে আসে পলি,অনুচ্চার শব্দের ভেতর মুক্তি
পরিত্রাণের নৌকায় নদী ভাসে,অবাধ পারাপারের অপেক্ষায়
ঠিক তখনই মনে হয় ভ্রষ্ট এ জীবন,প্রতিটি মুহূর্তে বাঁক বদল,পরিবর্তন

হাত থেকে ফেলে দিই পূরাণো কুঠার
আয়ূরেখা পার হয়ে কেঁপে ওঠে গাছ

আমাদের শরীরের শব মাঝরাত ঘুরে ফিরে আসে চিতা থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন