Powered By Blogger

রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪

ঝড়ে ভাঙা শরীর

তোমাদের ভুট্টা চাষ কোথায়?খাদ্যের জন্যে খোঁড়া পায়ে এখানে এসেছি।
তৈলহীন রুক্ষ্ম শরীর,সর্ষের ক্ষেত,শুয়োরের পাল?
রক্তক্ষরণের দিন সমাগত।নীল বর্মে প্রতিহত কালের চিৎকার।
বাজারের তেমাথায় এসে দাঁড়িয়েছি,দেখে নেব থলের আড়ালে কারা ছুরি শান দেয়?
হাতের থাবায় বাঘনখ,ঠোঁটের ভেতরে তিতা কষ।
করতল ভরে তোমার নগ্নতা নেচে বেড়িয়েছে,আজ মুখ অবগুন্ঠণে ঢেকেছ?

একদিন আমিও জেগেছিলাম মালীর পায়ের শব্দে
ফুলদানীতে টাটকা ফুল
কোথায় বাগান,কই গেল মালী?
পরিত্যক্ত সাপের খোলস,ইঁদুরের বিষ্ঠা,
ছাগলে খেয়েছে বাগানের নটেফুল।

খালপারে নৌকা বাঁধা,স্রোতে জোয়ারের টান
অনায়াস ভেসে যেতে পারো যে কোন নদীর তীর
জলের রেখায় ধূয়ে যায় কত গোপণ সঙ্গম,
মেরুদূরাতীত পাপ আর অবৈধ জন্মের ভ্রুণ।

দেয়ালে দেয়ালে পিঁপড়ের সারি,মুখে ডিম।
জল উঠবে।প্রমত্ত জলে সবকিছু ভেসে যাক,
আমরাও ভেসে যাব।

তোমার দু'হাতে স্রোত,কালনাগিণীর দর্পে
বহু মঠ পার হয়ে সন্ন্যাস নিয়েছ

ঝড়ে ভাঙা আমার শরীর পড়ে থাকবে নদীর তীরে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন