Powered By Blogger

মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০১৪

কবিতার পাশে কবিতা,ছন্দের পাশে ছন্দ

আলস্যমথিত অন্ধকারে সমস্ত রাতের প্রেত নিয়ে জেগে আছে শালবন
কান পেতে শুনছি চিৎকার,হাঁকডাক
শেকড়,ব্যাথিত শিরা ছুঁয়ে দেখি উষ্ণ ধানক্ষেত অতল,উৎসার
পলির প্রসাদে ঢেকে আছে লাল মাটি

সাঁকো নেই,ভেঙে গেছে বহুদিন
শরীরের ছায়া ফেলে আজানুলম্বিত বটঝুরি ধরে
উঠে যাব মেঘের মন্ডনে
প্রতিভার মরাডালে ঝুলিয়ে কংকাল

নিচু হয়ে ছিলাম অপমানের ঘাত-প্রতিঘাতে
পায়ে শত্রু,সন্দেহ,কাঁকর
কাদামাখা জামা,পোড়াভাত,বিষাদ,কবিতা
বাড়ির কূয়োর মধ্যে বালতি নামিয়ে তুলে এনেছি শব্দের শব
কবি জীবনের মরুভূমিতে সমস্ত বেলা কেটে গেছে
মরুদ্যান খুঁজেছি,পাই নি
কবিতার পাশে কবিতা,ছন্দের পাশে ছন্দ আমার নিখোঁজ শব ঘিরেছিল
তোমরা ছিলে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন