Powered By Blogger

রবিবার, ২৬ জানুয়ারি, ২০১৪

বানানো সভ্যতা

অন্ধকার কোণে একাগ্র মাকড়সার জাল বোনা দেখি
সিঁড়ি দিয়ে নামতে নামতে যতটুকু
কপালে উল্কির ছাপ,দু'হাতে অমাঙ্গলিক বালা
শ্মশানে চন্ডাল বসে আছে,খুঁরি ভর্তি মদ

আমার পাঁজর ভেঙে সেই হাড়ে মশাল জ্বালিয়ে
ধুনুচি নাচছে--এক যুগ অন্ধকার থেকে আরেক যুগের অন্ধকারে
হাত,পা ও পায়ের আঙুল থেমে নেই
সুপেয় জলের মগ,কংকনবাদিনী---
গভীর অন্ধকারের বাষ্প ভরে রাখে

যেতে চেয়েছিলাম অমরাবতী নদীতীরে
(এক বৃত্ত ক্ষিপ্ত জলে করপুট ভরে নেব)
ধানুকী নেমেছে পথে হাতে তীর,পিঠে ধনুর্বাণ
লোকালয়ে বুনো শুকর,ইস্পাতশব্দে ওড়ে ভীত গ্রামবাসী
টিন,ঢ্যাঁড়া পেটায়,টুকরো পাতা মানতের পত্রের মতোন ভাসে

আদতে শিকারী
কখনো কখনো পরিণত শিকারে,ঐ,---
সবুজের সমারোহ থেকে অগ্নিকুন্ডে
ঘুরে ঘুরে পড়তেই থাকে বানানো সভ্যতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন