Powered By Blogger

শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪

নাগরিক বাস্তবতা

স্ফটিক সময়ে দূরাগত শব্দে তোমাকে ডেকেছি,
শুনেছ সে ডাক?
উলটোমুখে বালির ঝড়ে পেতে রাখা জাল,গাছের পাতারা খসে পড়ে
নিষ্প্রাণ আঙুলে সাড় নেই---অনুচ্চার অভিযোগে ধ্বংসস্তুপে শুয়ে ভাবিঃ
কোনদিকে যাব,কোথায় আমার আলো জ্বালা ঘর?

নীল শরীরে ভগ্নাবশেষ জমে আছে।
রাত্রিবেলার বিশ্বাস,শিশিরপতনে নষ্ট হয়ে গেছে ইন্দ্রিয়স্বভাব।
এমন আচ্ছন্ন দীর্ঘ বটের সমকালীন ঝুরি
পাখিকল্প সকালের আলো ফোটার আগেই খালপারে এসে দাঁড়িয়েছি।
দূর দেখে দেখি তোমার স্বাচ্ছন্দ্যঃ
ইট-সিমেন্টের স্নেহদাগে তোমার ঘরের জানালায় পর্দাঘেরা আলো,
বারান্দায় সংহত মালতীফুল।

শেষ বিকেলের আলো গায়ে ধূলোপায়ে এগিয়ে গিয়েছিলাম,
'নাগরিক বাস্তবতা শিখে নাও'---বলে পাথরচোখে তাকিয়েছিলে।

নাগরিক বাস্তবতা আজো শেখা হল না,আমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন